রোনাল্ড কোম্যানকে ২০২১ সালের নভেম্বরে হটিয়ে জাভিকে কাতালানদের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় এলো লিগ শিরোপা। যেখানে তারা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপেরও শিরোপা জিতে নেয়। এর আগের ২০২১-২২ মৌসুমেও লা লিগায় রানার্সআপ হয় তারা। ডাগআউটে আসার আগে চারের বাইরে থাকা দলকে তিনি টেনে তুললেন শীর্ষস্থানে।

তবে ইউরোপীয় প্রতিযোগিতায় ভালো করতে না পারার হতাশা কুড়ে খাচ্ছে জাভিকে। সেই হতাশার কথা কিংবদন্তী এই স্প্যানিশ মিডফিল্ডার জানাতেও ভুললেন না। তিনি বলছেন, ‘এই মৌসুমের পারফরম্যান্স ও সাফল্যের বিচারে আমি দলকে ‘বি’ দেব। আমরা ইউরোপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি এবং কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগেও ভালো করতে পারিনি।’

এবারের কোপা দেল রে-র শিরোপা উঠেছে বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়ালের হাতে। যেখান থেকে বার্সা বিদায় নেয় সেমিফাইনালে। এরপর রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও খেলে। আসরটি থেকে বার্সার বিদায় হয় গ্রুপপর্ব থেকেই। রিয়াল সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ড্র করলেও, ম্যানচেস্টার সিটির মাঠে ফিরতি লেগে ভরাডুবি হয়েছে। সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্নাব্যুর দলটির এবারের যাত্রা এখানেই শেষ হয়ে যায়।

চ্যাম্পিয়ন্স লিগে এবার ভালো করতে না পারলেও, পরের মৌসুমের লক্ষ্যের কথা জানিয়েছেন জাভি, ‘(আগামী মৌসুমে) আমরা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য। ইউরোপীয় প্রতিযোগিতায় এই ক্লাব যে সাফল্য চায়, আমরা সেই পর্যায়ে পারফর্ম করতে পারিনি এবং সেটা আমরা জানি।’

এনএইচ