সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজানের বাকি মাত্র ১০ দিন। এদিকে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল, দেশটিতে আসন্ন রমজানে জামাতে তারাবি হবে কি হবে না।
এমন আলোচনার মাঝেই আসন্ন রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ আদায় স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ঘোষণা এখনো আসেনি। ধারণা করা হচ্ছে, প্রধান দুই মসজিদ মক্কা ও মদিনায় সীমিত আকারে তারাবির জামাত চালু থাকবে, অন্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে না।
গতকাল রোববার (১২ এপ্রিল) সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, আসন্ন রমজান মাসে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করা হবে। কারণ, করোনাভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।
সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আল শেখ বলেন, ‘তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল, পাঁচ ওয়াক্ত নামাজের জামাত স্থগিত করা। পরিস্থিতির কারণে আমার সেটা করতে বাধ্য হয়েছি। ওমরাহও বন্ধ রাখা হয়েছে। আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করেন। নামাজের পাশাপাশি আমরা নিজেদের সুস্থতার জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করব।’
এ ছাড়া কারো জানাজায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে আবদুল লতিফ আল শেখ বলেন, ‘গণজমায়েত এড়াতেই আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
এদিকে দি ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, গতকাল রোববার সৌদি আরব করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় সারা দেশে কারফিউয়ের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে।
গত সপ্তাহে সৌদি আরবের বেশিরভাগ প্রধান শহরে ২৪ ঘণ্টাই লকডাউন জারি করা হয়। অন্য শহরগুলোতে দুপুর থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি রয়েছে। মারণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত চার হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৯ জনের।
এএস





