সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের ‘ইসলামি জিহাদ’ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা আকরাম আজুরিকে হত্যার জন্য ইসরাইল একটি হামলা চালিয়েছে। তবে তা ব্যর্থ হয়েছে।

গতকাল (১১ নভেম্বর) সোমবার শেষ বেলায় আকরাম আজুরিকে হত্যার জন্য ইসরাইল দামেস্কে তার বাড়িতে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরাইলি হামলায় বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ছেলে মুয়াজ ও আরেক ব্যক্তি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার বাহা আবুল আতাকে শহীদ করার প্রায় একই সময়ে ইসরাইল দামেস্কে আকরাম আজুরিকে হত্যার জন্য ওই হামলা চালায়।

আকরাম আজুরি ইসলামিক জিহাদ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য।

পরে জিহাদ আন্দোলন এক বিবৃতিতে ইসরাইলকে হামলার জন্য দায়ী করেছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিধ্বস্ত ভবনটিকে বেসামরিক ভবন বলে চিহ্নিত করেছে। ভবনটি দামেস্কের মেজ্জাহ এলাকায় লেবাননী দূতাবাসের পাশে অবস্থিত। ওই এলাকায় দামেস্ক বিশ্ববিদ্যালয় এবং বহু বিদেশি দূতাবাস রয়েছে।

সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, রকেট হামলায় অন্তত ৬ ব্যক্তি আহত হয়েছেন।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, রাজধানী দামেস্কের পশ্চিমে দারাইয়া শহরে সিরিয়ার সেনারা শত্রুদের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদি ইসরাইল সিরিয়ার ভেতরে কয়েকশো বার হামলা চালিয়েছে।

এমবি