নেপালে গতকাল বুধবার বিধ্বস্ত উড়োজাহাজের নিহত আরোহীদের মধ্যে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কিছু দেহাবশেষ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়।

এএফপির খবরে জানানো হয়, উড়োজাহাজটির ২৩ জন আরোহীর মধ্যে ২০ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে একজন চীনা ও একজন কুয়েতি নাগরিক বলে জানা গেছে।

বেসরকারি প্রতিষ্ঠান তারা এয়ারের ছোট টুইন ওটার উড়োজাহাজটি গতকাল বুধবার কাঠমান্ডু থেকে ৮০ মাইল পশ্চিমের জনপ্রিয় পর্যটন এলাকা পোখারা থেকে যাত্রা শুরু করে।

গন্তব্য ছিল মুস্তাং জেলার জমসম শহর। এই পথ পাড়ি দিতে উড়োজাহাজটির কমবেশি ২০ মিনিট সময় লাগার কথা। কিন্তু উড্ডয়নের ১০ মিনিটের মাথায়ই এর সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খারাপ আবহাওয়ার কারণে রাজধানী কাঠমান্ডুর পশ্চিমে পাহাড়ি এলাকায়ে এটি বিধ্বস্ত হয়।
খারাপ আবহাওয়ার কারণে গতকাল উড়োজাহাজটির অনুসন্ধান কাজ বাদ দেওয়া হয়।আজ দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। 

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা ছবি লাল জোশি ফোনে এএফপিকে বলেন, ‘আমরা এখানে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারে তল্লাশি চালাচ্চি। এ পর্যন্ত ১৯ জনের লাশ এবং কিছু দেহাবশেষ পেয়েছি।’

এসএম