হাজারের বেশি বেওয়ারিশ লাশ নিয়ে বিপাকে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা প্রশাসন। কী করবে, সেই সিদ্ধান্ত নিতে না পারায় শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসন শরণাপন্ন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্মিত মুখ্যমন্ত্রী এসব লাশ দ্রুত সৎকারের নির্দেশ দিয়েছেন।

৭ মার্চ মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় এক প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে স্থানীয় বিধায়ক শম্পা দরিপা বেওয়ারিশ এক হাজারের বেশি লাশের কথা তুলে ধরেন। এ কথা শুনে চমকে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তিনি এই দাবিহীন মৃতদেহ সৎকারের নির্দেশ দেন।

এ লক্ষ্যে তিনি জেলা প্রশাসক, জেলা স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় বিধায়ক এবং পৌরসভার চেয়ারম্যানকে নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করে দেন। সেই কমিটি এখন এই দাবিহীন শবদেহের সৎকারের ব্যবস্থা নিয়েছে। স্থানীয় চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত ইতিমধ্যে এই শবদেহগুলো সৎকারের জন্য স্থান নির্বাচন করেছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে আজ রোববার মহাপ্রসাদ সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, এক হাজারের বেশি লাশ আছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এসব লাশ সৎকার করা হবে।

এসএম