ওআইসি’র সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নেয়া প্রশাসনিক সিদ্ধান্তকে ‘মহা অপরাধ’। ট্রাম্প ওই ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
আজ (বুধবার) জেরুজালেম ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ মুসলিম সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত জরুরি সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট এসব কথা বলেন।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, “জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী আছে এবং সর্বদা থাকবে। জেরুজালেম যদি আমেরিকার শহর হতো তাহলে স্বীকৃতি দেয়াটা বৈধ হতো। এ ঘোষণার মাধ্যমে ট্রাম্প সব সীমা অতিক্রম করেছে।”
আব্বাস বলেন, ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব করায় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা মেনে নেয়া যায় না। তিনি বলেন, জেরুজালেমকে রাজধানী ঘোষণার পর মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকতে পারে না। জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা ছাড়া কোনো শান্তি অথবা স্থিতিশীলতা আসবে না।
ফিলিস্তিনের এই প্রেসিডেন্ট বলেন, জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে ইহুদিবাদী আন্দোলনকারীদের উপহার দিয়েছেন ট্রাম্প।
এ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলামনাদের জন্য 'রেড লাইন'। তিনি ইসরাইলকে দখলদার রাষ্ট্র হিসেবে আখ্যা দেন।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেয়ার পর থেকে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবারও পশ্চিম তীর, গাজা ও জেরুজালেমে বিক্ষোভ করেছে হাজার হাজার ফিলিস্তিনি। বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের ওপর টিয়ার গ্যাস, গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
উল্লেখ্য, মুসলিম, ইহুদি, খ্রিস্টানদের কাছে জেরুজালেম শহরটি অত্যন্ত পবিত্র স্থান। এটিকে ইসলামের তৃতীয় সর্বোচ্চ পবিত্র শহর বলে মনে করা হয়। আর ফিলিস্তিনি-ইসরাইলের মধ্যে যুগের পর যুগ সঙ্কটের মূলে রয়েছে এই শহর। এ অবস্থায় ট্রাম্প এই শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছেন।
এর কড়া জবাব দিয়েছে তুরস্ক। তারা বলেছে, এমন ঘোষণা দিয়ে ট্রাম্প বিশ্বুজুড়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন, যার কোনো শেষ নেই। তাই ওয়াশিংটনকে তার অবস্থান পাঠানোর আহ্বান জানাতে ওআইসির জরুরি সম্মেলন আহ্বান করেছে তুরস্ক।
মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। তবে ইসরায়েলের এই দখলদারিত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।
এ সপ্তাহে কাভুসোগলু বলেছেন, সব রাষ্ট্রের কাছে তুরস্ক দাবি জানায় যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নি তারা যেন সেই স্বীকৃতি দেয় এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবারের সম্মেলন থেকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা হবে এবং ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় যে ভূখন্ড দখল করেছিল ইসরাইল তা দখলমুক্ত করতে আহ্বান জানানো হবে ইসরাইলের প্রতি।
ওই যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। এরপর তারা এর সীমানা বাড়াতেই থাকে। তবে তাদেরকে আন্তর্জাতিকভাবে এক্ষেত্রে স্বীকৃতি দেয়া হয় নি।
মুস্তাঈন





