ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভেঙে পড়ার পরিণাম সম্পর্কে হুঁশিয়ার করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, এটি ইসরাইলের জন্যে হুমকি হিসেবে দেখা দেবে।
গত মাসে মধ্যপ্রাচ্য সফর করা কেরি শনিবার ব্রুকিংস ইনস্টিটিউটে দেয়া এক বক্তব্যে বলেন, "আমার বন্ধু ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি নৈরাশ্যের ভঙ্গিতে কথা বলেছেন। এর আগে ফিলিস্তিনি জনগণের এতো আশাহীনতার কথা আমি কখনও শুনিনি।"
তিনি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি চরম আকার ধারণ করার আগেই তা বন্ধ হওয়া উচিত।
কেরি বলেন, ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতিতে ফাঁকা জায়গা পূরণে আইডিএফ (ইসরাইল ডিফেন্স ফোর্স) পশ্চিমতীরে হাজার হাজার সৈন্য মোতায়েন করতে পারে। কিন্তু অনিবার্য সংঘাত সহিংসতার কারণে আইডিএফে চাকুরি করা ইসরাইলিদের সন্তান ও তাদের বংশধরদের যে পরিমাণ ক্ষতি হবে তার জন্যে কি তারা প্রস্তুত রয়েছে?
কেরি ইসরাইলি বসতির সমালোচনা করে বলেন, বসতি অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার কারণে দীর্ঘমেয়াদে ইসরাইলের উদ্দেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি আরো বলেন, এসবের সহজ কোন উত্তর নেই। কিন্তু আমরা সমাধান খোঁজার চেষ্টা বন্ধ রাখতে পারি না। কারণ এ প্রচেষ্টাই আমাদের শান্তির কাছাকাছি নিয়ে যাবে।
উল্লেখ্য, গত ১লা অক্টোবর থেকে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যকার প্রতিদিনকার সহিংসতায় ১শ’ ৯ জন ফিলিস্তিনি ও ১৭ ইসরাইলি প্রাণ হারিয়েছে।
ইসরাইলি কর্মকর্তারা একান্তে এ কথা স্বীকার করে বলেছেন, সহিংসতা অব্যাহত থাকতে পারে।
এদিকে কয়েক দশক ধরে চলা শান্তি আলোচনার ব্যর্থতায় এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অব্যাহত দখলের কারণে কার্যত হতাশ ফিলিস্তিনিরা মাহমুদ আব্বাসের নেতৃত্বের ওপর আস্থা হারিয়ে ফেলছে।
এসএইচ





