পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আশাতীত সাফল্য বয়ে এনেছে। নওয়াজের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বুধবার এ কথা বলেছেন। দুইদিনের ভারত সফরে মোদির শপথগ্রহণ শেষে নওয়াজ মঙ্গলবার পাকিস্তানে ফেরার পর এক সংবাদ সম্মেলনে আজিজ এ মন্তব্য করেন। সংবাদসূত্র : জি-নিউজ, ডন। আজিজ বলেন, শরিফ আর মোদির বৈঠক কেবলমাত্র ছবি তোলা আর অনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বৈঠকের ফল যে কারো প্রত্যাশার চেয়েও বেশি ভালো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারত সফর শেষে গত মঙ্গলবার যখন দেশের মাটিতে পা রাখলেন, তখন চারদিক থেকে তাঁকে জেঁকে ধরল একরাশ সমালোচনা৷ বিশেষ করে সফরকালে তিনি যে কাশ্মীরের নামগন্ধও নেননি, সেটা নিয়ে গণমাধ্যমের পাশাপাশি কিছু রাজনৈতিক দলও সরব হয়৷ তবে এই সমালোচনার জবাব দিতে মোটেও দেরি করেননি প্রধানমন্ত্রীর সহযোগীরা৷ তাঁরা জোর দিয়ে বলেছেন, নওয়াজের এ সফর সফল হয়েছে৷ পাকিস্তানের জন্য এই সফরকে কেন সফল হিসেবে বিবেচনা করা হবে, এমন প্রশ্ন করা হয় পাকিস্তানি নওয়াজের সঙ্গে সফরকারী প্রতিনিধিদলের এক সদস্যের কাছে৷ তিনি বলেন, ‘ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান সফর, সচিব পর্যায়ের আলোচনা পুনরায় শুরু এবং ১৯৯৯ সালে তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির স্বাক্ষরিত লাহোর ঘোষণা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷ ওই ঘোষণায় স্পষ্টভাবেই কাশ্মীর ইস্যুর কথা উল্লেখ রয়েছে৷’ পাশাপাশি নওয়াজকে নয়াদিল্লিতে কতটা বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে, তার ফিরিস্তি তুলে ধরেন তিনি৷ নওয়াজের সফর নিয়ে পাকিস্তানের টেলিভিশনগুলোর টক শোতে যা বলা হচ্ছে, তা মোটেও উৎসাহব্যঞ্জক না হলেও রাজনৈতিক দলগুলো কম সমালোচনামুখর বলেই মনে হয়েছে৷ সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নওয়াজের সফরে খুব একটা খুশি হতে পারেনি৷ দলটির তথ্য সম্পাদক শিরিন মাজারি বলেন, ‘মোদি সন্ত্রাসবাদ নিয়ে কথা বলেছেন... কিন্তু আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তানের ভেতরে, বিশেষ করে বেলুচিস্তানে, সন্ত্রাসবাদের সমর্থন করা ভারতকে বন্ধ করতে বলেননি৷’ তবে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা সাইদ খুরশিদ শাহও এই সফরের কোনো দোষ-ত্রুটি খুঁজে পাননি৷ তিনি মনে করেন, কাশ্মীর সমস্যার মতো দুরূহ বিষয়গুলোর দিকে যাওয়ার আগে দুই দেশকে আলোচনার পরিবেশ উন্নত করতে হবে৷ পার্লামেন্ট ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নওয়াজের ভারত সফর সেই পথ প্রশস্ত করবে৷’ [b]ঢাকা, ২৯ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]