তুরস্কে হেনস্থার শিকার হয়েছেন মার্কিন নৌবাহিনীর সদস্যরা। তাদেরকে ধরে টানা-হেঁচড়া, লাল রং ছুড়ে দেয়া ছাড়াও মাথা বস্তা দিয়ে ঢেকে দেয় একদল বিক্ষোভকারী। বৃহস্পতিবার ইস্তাম্বুলের নিকট বসফরাস প্রণালীর তীরে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ইয়ুথ অ্যাসোসিয়েশন অব টার্কি (টিজিবি) নামের একটি সংগঠনের ব্যানারে একদল যুবক এই আক্রমণ করে। ঘটনার শিকার মার্কিন নৌসেনারা 'ইউএসএস রস' নামের একটি যুদ্ধজাহাজে দায়িত্বরত। জাহাজটি বসফরাসের তীরে ইস্তাম্বুলের এমিনুনু জেলায় নোঙর ফেললে তাদের ওপর চড়াও হয় ওই যুবকেরা।

তারা এসময় মার্কিন নৌসেনাদের সেখান থেকে চলে যেতে বলেন। তারা আমেরিকাকে নব্য উপনিবেশবাদী বলে অভিযোগ করেন। এ সময় তারা এসব সেনাদেরকে 'বানর' ও 'খুনী' বলে গালি দেন। এক পর্যায়ে তিন মার্কিন নৌ সেনাকে টানা-হেঁচড়া করে হেনস্তা করা হয়। এক পর্যায়ে তাদের মাথা বস্তা দিয়ে ঢেকে দেয় এসব যুবক। যুবকেরা টিজিবি'র একটি ব্যানারও বহন করছিল।

একজন বিক্ষোভকারী চিৎকার করে বলছিলেন, "তোমরা তোমাদেরকে মার্কিন সেনা বলে পরিচয় দিয়েছ। আর আমরা তোমাদেরকে খুনী বলে আখ্যায়িত করি।"

টিজিবি'র এক সিনিয়র সদস্য গিজেম দোগান এ ব্যাপারে আল জাজিরাকে জানান, তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের জবাবে আমরা এই বদলা নিয়েছি। প্রায় এক দশকেরও বেশি সময় আগে মার্কিন সেনারা তুরস্কের সেনাদের সঙ্গে এই রকমই আচরণ করেছিল।

উল্লেখ্য, ২০০৩ সালে ইরাক অভিযানের সময় তুরস্কের সৈন্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে মার্কিন সেনারা। উত্তর ইরাকের সুলাইমানিয়া এলাকায় তুরস্কের সেনাদের একটি ক্যাম্পে অভিযান চালিয়েছিল মার্কিন বাহিনী। সেখান থেকে ১১ জন তুর্কি সেনাকে আটক করে মার্কিন বাহিনী এবং তাদের মাথায় বস্তা দিয়ে ঢেকে দিয়েছিল।

এমএ