ইসরাইলে বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধ রাখতে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটির সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বুধবার এ হুমকি দিয়েছে।
হামাস বলেছে, তারা ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আরো রকেট হামলা চালাবে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে এ হামলা শুরু হবে বলে হামাস জানিয়েছে। অবশ্য, হামাস এরই মধ্যে ইসরাইলের অভ্যন্তরে রকেট হামলা জোরদার করেছে এবং এবার তারা নতুন ধরনের রকেট জি-৮০ নিক্ষেপ করেছে।
মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইসরাইল অবরুদ্ধ গাজার ওপর নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে। এর প্রতিশোধ হিসেবে হামাস হামলা জোরদার করেছে। ইসরাইলের হামলায় এ পর্যন্ত অন্তত ২৪ জন ফিলিস্তিনি শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাস কমান্ডার মুহাম্মাদ দেইফের ২৭ বছর বয়সী স্ত্রী উইদা এবং সাত মাসের শিশু ছেলে আলী দেইফ রয়েছে।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম,টিআই





