[b]তেহরান:[/b] তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান সরকারি সফরে ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে।
ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন তুর্কি প্রতিনিধিদলের সদস্যরা। ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরো শক্তিশালী করাই এ সফরের মূল্য লক্ষ্য।
মঙ্গলবার রাতে এরদোগান তুরস্ক থেকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। দু’দিনের সফরে তুর্কি প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী,প্রেসিডেন্ট হাসান রুহানি এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।  
ইরান সফরে তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাউদওগ্লু, জ্বালানি মন্ত্রী তানের ইলদিজ এবং অর্থমন্ত্রী নিহাত জেইবেকি। হাসান রুহানি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই এরদোগানের প্রথম ইরান সফর।
এরদোগানের এ সফরের সময় দু’পক্ষ উচ্চ পর্যায়ের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সই করতে পারে। এ ছাড়া, ইরান-তুর্কি বাণিজ্য বিষয়ক কমিটি দু’বছর বিরতির পর নতুন করে বৈঠক করবে বলে কথা রয়েছে।
ইরান সফরে আসার আগে এরদোগান তুরস্কে বলেছেন, আগামী ২০১৫ সালের মধ্যে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য তিন হাজার কোটি ডলারে নেয়ার পদক্ষেপ নেয়া হবে।
এর আগে, গত ৭ জানুয়ারি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাউদওগ্লু জানিয়েছিলেন, তার দেশের প্রধানমন্ত্রীর সফরের পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সরকারি সফরে তুরস্ক যাবেন। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ