সিরিয়ার মধ্যাঞ্চলের তিনটি চেকপয়েন্টে ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) জঙ্গিদের হামলায় কমপক্ষে ৪০ সেনা নিহত হয়েছে।

শুক্রবার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে আইএস সিরিয়ার হামা প্রদেশের গ্রাম শেখ হিলালের কাছের চেকপয়েন্টগুলো দখলে নেয়। এতে উভয়পক্ষের সংঘর্ষে ৪০ সরকারি সৈন্য নিহত হয় বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়।

পর্যবেক্ষক গ্রুপটি আরও বলেছে, এ এলাকায় প্রায় প্রতিদিনই সংঘর্ষ ঘটে। কিন্তু প্রাণহানির ঘটনা একটা কিংবা দুটো হয়। ৪০ সৈন্য নিহত হওয়া খুবই বড়ো ঘটনা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’এর প্রধান আবদেল রহমান বলেন, আইএস সড়কের নিয়ন্ত্রণ নিতে পারলে তারা আলেপ্পোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবে যেন সরকার সেখানে সেনা কিংবা রসদ কোনটাই পাঠাতে না পারে।

মার্চ মাসের প্রথমদিকে হামায় সরকারি অবস্থানে আইএসের দুদিনের হামলায় ৬৩ সৈন্য নিহত হয়েছে। মার্চ মাসের শেষ দিকে আইএস মাবুজেহ গ্রামে অন্তত ৩৭ বেসামরিক নাগরিকের শিরশ্ছেদ করে।

জেআই