মিসরের মুসলিম ব্রাদারহুড প্রধান মোহাম্মদ বদির ফাঁসির রায় গ্র্যান্ড মুফতির কাছে পাঠিয়েছে দেশটির একটি আদালত।
বাদিসহ আরও ১৩ ব্রাদারহুড নেতার ফাঁসির রায় সম্বলিত নথি গত সোমবার পাঠানো হয়।
সরকারবিরোধী বিক্ষোভে উসকানি এবং পুলিশ ও সেনা প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনার অভিযোগে তাদের ফাঁসি দেয় দেশটির একটি আদালত। ওই রায় কার্যকরের প্রথম ধাপ হিসেবে তা দেশটির সর্বোচ্চ ইসলাম ধর্মীয় নেতার কাছে পাঠানো হল।
মিসরের আইন অনুযায়ী বড় ধরনের কোনো সাজার রায় কার্যকরের আগে গ্র্যান্ড মুফতির অনুমোদন নিতে হয়। যদিও মুফতির সিদ্ধান্ত কার্যকর আদালতের জন্য বাধ্যতামূলক নয়, তারপরও তা বিশেষ বিবেচনার দাবি রাখে।
এর আগে ওই মামলায় চূড়ান্ত রায়ের জন্য ১১ এপ্রিল তারিখ নির্ধারণ করে দেয় আদালত। তবে চূড়ান্ত রায়ের পর আসামীরা আপিল করতে পারবেন।
বদির বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলায় ফাঁসির রায় দেওয়া হয়। পরবর্তী সময়ে তা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে।
২০১৩ সালে মিসরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পদচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট সিসি সরকার মুসলিম ব্রাদাহুডের সমর্থকদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। ইতোমধ্যে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা ও প্রচুর সংখ্যক কর্মীর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে। সূত্র : আলজাজিরা।
কেএইচ





