ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর হোয়াইট হাউজের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রধান কর্মকর্তা স্টেফানি গ্রিশাম ও হোয়াইট হাউজের সোশ্যাল সেক্রেটারি রিকি নিচেতা পদত্যাগ করেছেন।
ব্লুমবার্গ নিউজের এক খবরে প্রকাশিত হয় যে মি. ট্রাম্পের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঙ্গার পদত্যাগ করেছেন।
সূত্র উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে ‘ক্যাপিটলে হামলা এবং বিক্ষোভকারীদের উস্কানি দেয়ায় হতাশ’ হয়ে তিনি পদত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কংগ্রেস ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এসময় ট্রাম্প সমর্থকরা বিক্ষোভ, ভাঙচুর ও গোলাগুলির ঘটনাও ঘটিয়েছে।
ওয়াশিংটনে বিক্ষোভে চারজন নিহত
ওয়াশিংটন ডিসি’র পুলিশ জানিয়েছে, ক্যাপিটল ভবনে হওয়া সহিংসতায় চারজন মারা গেছে।
এর আগে পুলিশের গুলিতে এক নারী মারা যান, পরে ‘মেডিকেল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আরো তিনজন মারা যান।
এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে- যাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙ্গার জন্য গ্রেফতার করা হয়েছে।
আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে।
কয়েক ঘণ্টা ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে।
রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কার্ফু ঘোষণা করা হয়েছে, কিন্তু সান্ধ্য আইন শুরু হবার পরও শত শত বিক্ষোভকারীকে রাজপথে জটলা পাকাতে দেখা গেছে।
দুপুরের পরই আমেরিকার রাজধানীতে নাটকীয় দৃশ্যে দেখা যায় - শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়ছে আর পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।
জো বাইডেন ঘটনাকে একটি 'বিদ্রোহ' বলে আখ্যায়িত করেন, আর মি. ট্রাম্প একটি ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন।
এই শোরগোলের মধ্যে বাইডেনের জয় অনুমোদন করার জন্য কংগ্রেস অধিবেশন স্থগিত করা হয়। এটি ছিল আমেরিকার সংসদের দুই কক্ষ - হাউস অফ রেপ্রেসেন্টেটিভ বা প্রতিনিধি সভা এবং সেনেট-এর যৌথ অধিবেশন।
কংগ্রেস নেতারা বলছেন, ক্যাপিটল ভবন নিরাপদ হওয়ায় স্থানীয় সময় রাত ৮টায় তারা যৌথ অধিবেশন আবার শুরু করবেন এবং জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করবেন।
ওয়াশিংটনে কারফিউ জারি
সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটনে বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্ফু জারি করা হয়েছে।
আজ (০৭ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে এই কারফিউ কার্যকর থাকবে।
এমবি





