সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীগুলো জাতিসংঘের নেতৃত্বে জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। উচ্চ পর্যায়ের একটি কমিটি নিশ্চিত করেছে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফা দে মিস্তুরার সঙ্গে তারা বৈঠক করবে। তবে তারা আসাদ সরকারের সঙ্গে কোনো ধরনের মধ্যস্ততায় যাবে না বলে জানিয়েছে।

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষে জেনেভায় শুক্রবার শুরু হয়েছে শান্তি আলোচনা।

জাতিসংঘ কার্যালয়ে শুরু হওয়া আলোচনায় অংশ নেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ষ্টাফা দে মিস্তুরা এবং জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারির নেতৃত্বে সিরিয়া সরকারেরর প্রতিনিধি দল।

তবে বৃহস্পতিবার সৌদি আরব সমর্থিত হাই নিগোসিয়েশন্স কমিটি (এইচএনসি) জানিয়েছে, বিরোধীদের ওপর আসাদবাহিনী হামলা চালানো বন্ধ না করলে তারা আলোচনায় অংশ নেবে না।

শুক্রবার আলোচনার পর মিস্তুরা বলেন, তিনি আশা করছেন রোববার বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠকে বসতে পারবেন।

তিনি বলেন ‘বিরোধী গোষ্ঠীগুলো যে এই শান্তি আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। হয়তো রোববার তাদের উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা শান্তি আলোচনায় বসবেন।’

এইচএনসি জানিয়েছে, জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার উদ্দেশেই একটি ছোট প্রতিনিধি দল তারা জেনেভায় পাঠাবেন। তবে আসাদ সরকারের সঙ্গে সরাসরি কোনো ধরনের সমঝোতা আলোচনায় তারা যা্বেন না।

সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশনের সাবেক প্রেসিডেন্ট বিবিসিকে বলছেন মানবিক পরিস্থিতি উন্নয়নের বিষয়টিই আলোচনার মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘মানবিক পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এমন লক্ষণ দেখা গেলেই আমাদের দল আসাদ সরকারের সঙ্গে সমঝোতায় যাবে।’

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে শান্তি আলোচনা বন্ধ হওয়ার পর এই প্রথম এ ধরণের আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এমকে