ইউক্রেনের স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ইউক্রেন থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি রাশিয়ান ফেডারেশনে যোগদানের কথাও বলেছে পার্লামেন্ট।
ইউক্রেন জানিয়েছে, তারা গণভোটের ফলাফলকে স্বীকৃতি দিবে না। এছাড়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গণভোটকে অবৈধ আখ্যায়িত করে রাশিয়ার উপর অবরোধ আরোপের অঙ্গীকার করেছে।
ইউক্রেনের অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনইয়ুক গণভোটকে 'সার্কাস' হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ২১,০০০ রাশিয়ান সৈন্য তাদের বন্দুকের মাধ্যমে গণভোটের বৈধতা প্রমাণের চেষ্টা করছে। খবর, বিবিসি।
[b]রাশিয়ার পক্ষে ৯৫.৭% মানুষ[/b]
ইউক্রেনের স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার ৯৫.৭% মানুষ রাশিয়ার সঙ্গে ওই উপদ্বীপের একীভূত হয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছে। নির্বাচনি কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের গণভোটে ক্রিমিয়ার জনগণ এ রায় দিয়েছে।
ক্রিমিয়ার নেতা বলেছেন, তিনি সোমবার রাশিয়ায় যোগ দেয়ার আবেদন জানাবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ক্রিমিয়ার জনগণের এ আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাবেন।
ফেব্রুয়ারি মাসের শেষদিকে পাশ্চাত্যপন্থী গণআন্দোলনের জের ধরে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হওয়ার পরপরই মস্কোপন্থী বাহিনী ক্রিমিয়ার নিয়ন্ত্রণ গ্রহণ করে।
রোববার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ গণভোট অনুষ্ঠিত হয়। ক্রিমিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, সেখানকার শতকরা প্রায় ৪০ ভাগ তাতার জনগোষ্ঠী এ গণভোটে অংশ নিয়েছেন।
গণভোটে জনগণের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা ইউক্রেন থেকে বেরিয়ে গিয়ে রাশিয়ায় যোগ দেবে নাকি আরো বেশি স্বায়ত্বশাসনের শর্তে ইউক্রেনে থেকে যাবে। ভোটাররা প্রথমটিকেই বেছে নিয়েছেন।
ক্রিমিয়ার রাজধানী সিম্পেরোপোল এবং অপর বৃহত্তম শহর সেভাস্তোপোলের জনগণ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে গণভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছেন।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টি আই[/b]