বিজিবির ২৬ ব্যাটালিয়নের সদস্যরা যশোর-বেনাপোল সড়কের নাভারণ বাজার থেকে এক কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস আটক করেছে।

শনিবার ভোর ৪টার দিকে ট্রাক ভর্তি ওই কাপড়গুলো আটক করা হয়। ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাক সাভারণ বাজার থেকে আটক করা হয়। বিজিবির সদস্যদের দেখে আগেই ট্রাক থেকে চালক ও হেলাপার পালিয়ে যায়। যে কারণে কাউকে আটক করা যায়নি।

তিনি আরো বলেছেন, যেহেতু মালামালের পরিমাণ বেশি, তাই এখনো গণনা চলছে। তবে মূল্য হবে আনুমানিক এক কোটি টাকা। আটক মালামালের মধ্যে বেশির ভাগই ভারতীয় দামি শাড়ি। এ ছাড়া ছেলেদের দামি শার্টে ও কাপড়ও রয়েছে।

মালামালগুলো কাস্টমস গোডাউনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়।

জেআই