জেলার গৌরীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কামরুল ইসলাম নামের (২৪) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে বাকবিতণ্ডার জেরে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কামরুল ইসলামের বাবা আবু সিদ্দিকের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সানিয়াকান্দি গ্রামের আবু সিদ্দিকের সঙ্গে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভাল্লুকবেড় গ্রামের রজব আলীর দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরাধ চলে আসছিল। বিরোধের জের ধরে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষের লোকেরা রামদা, বল্লম ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আবু সিদ্দিক ও তার ছেলে কামরুল ইসলাম রামদায়ের কোপে গুরুতর আহত হন। এছাড়াও লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন অবস্থায় মারাত্মক আহত আবু সিদ্দিক ও কামরুলের অবস্থার অবনতি হলে বিকেলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে গৌরীপুর উপজেলার সাবেব কাচারি বাস স্ট্যান্ড এলাকায় যাওয়ার পর কামরুল ইসলাম মারা যান।
এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
জেআই





