রংপুর মহানগরীর ধর্মদাস এলাকায় শুক্রবার দুপুর ১টায় বিআরটিসির একটি যাত্রীবাহী চলন্ত বাসে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে যায়। এতে অর্ধশতাধিক যাত্রী অল্পের জন্য রক্ষা পান। গাড়ি থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী বিআরটিসির (বগুড়া-ব-১১-০০৪৩) যাত্রীবোঝাই বাসটি রংপুর মহানগরীর ধর্মদাস কোল্ডস্টোরের সামনে এলে সামনে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। পরে ড্রাইভার গাড়ি থামিয়ে দেন। আতঙ্কে যাত্রীরা গাড়ির জানালা দিয়ে হুড়মুড় করে নামতে থাকেন। এতে মহিলাসহ অন্তত পাঁচজন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী বিপ্লব জানান, তারা দেখতে পান বাসটির নিচে আগুন ধরছে। এরপর বাসটি আটকিয়ে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
গাড়ির ড্রাইভার জুলফিকার আলম জানান, ইঞ্জিনে শর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশের কর্তব্যরত এ এস আই প্রণয় চন্দ্র রায় জানান, অল্পের জন্যই এখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। গাড়িটি আর চালু না হওয়ায় যাত্রীদের অন্য গাড়িতে তুলে দেয়া হয়েছে।
জেআই





