চুয়াডাঙ্গার দামুড়হুদার বিএনপির নেতার বাড়িতে আওয়ামী লীগের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় স্থানীয় আওয়ামী নেতা মন্টুর নেতৃত্বে একটি গ্রুপ বিএনপির নেতা সিরা মেম্বারের বাড়ি-ঘর ভাঙচুর ও গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় ক্লিনিক ও চিৎলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, লুৎফর রহমান (৪৫), পাপড়ি খাতুন (২০), বাপ্পি (১৮), মিল্টন (২৫), সানোয়ার (৩৫), রফিকুল (৩২), এমদাদ (২৭) ও বেলীসহ (২২) ১০ জন।
জানা যায়, গতকাল শুক্রবার বিকালে উপজেলার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপি কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপির নেতা সিরা মেম্বার গ্রুপের সঙ্গে ফরজ গ্রুপের কথা কাটা-কাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এতে ফরজ গ্রুপের আ.লীগ নেতা মন্টুর চাচা লুৎফর রহমান গুরুতর আহত হয়। এর জের ধরে আজ শনিবার সকালে আ.লীগ নেতা মন্টুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সিরা মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করে।
এ সময় সিরা মেম্বারের মেয়ে পাপড়ি ও ছেলে বাপ্পিসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনা চলাকালে সিরা মেম্বার লাইসেন্সধারী বন্দুক দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে মন্টুর লোকজন আরো বেপরোয়া হয়ে ওঠে।
খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





