সাতক্ষীরার তালা উপজেলার একটি গ্রামে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ পুলিশের গুলিতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সোমবার রাত তিনটার দিকে উপজেলার মাগুরা গ্রামের একটি পানের বরজের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি রামদা, চারটি ককটেল, বন্দুকের পাঁচটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

গুলিবিদ্ধরা হলেন-তালা উপজেলার চাঁদকাটি গ্রামের সুবান শেখের ছেলে কালাম শেখ (৩৫), মিঠাবাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার জাকির হোসেনর ছেলে জিল্লুর রহমান।

আহত পুলিশ সদস্যরা হলেন-তালা থানার এসআই পিন্টু লাল দাশ, আকরাম হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাৎ হোসেন ও প্রকাশ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, মাগুরা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে তিন ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয় ও চার পুলিশ আহত হয়।

আহত ডাকাতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কথিত ডাকাত বা তাদের স্বজনদের বক্তব্য জানা যায়নি।

এআর