চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতে ৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ এসব নেতাকর্মীকে গ্রেফতার করে।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে লোহাগাড়া ও সাতকানিয়া থানা পুলিশ। এদের মধ্যে লোহাগাড়া থেকে ছয়জন এবং সাতকানিয়া থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে সীতাকুণ্ড থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় জড়িত থাকার দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করে।

সোমবার রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে পৃথক পৃথক অভিযানে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কেএইচ