কথিত ‘বন্দুকযুদ্ধে’ মহানগর জামায়াত কর্মী নুরুল ইসলাম নিহতের প্রতিবাদে রাজশাহী বিভাগে এবার টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলাম। চলমান অবরোধের পাশাপাশি শনিবার সকাল ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় পালিত হবে এ হরতাল।
বুধবার বিকেলে রাজশাহী মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেয়া হয়। এছাড়া শুক্রবার বিভাগজুড়ে দোয়া দিবস পালনেরও ঘোষণা দেয়া হয় ওই বিবৃতিতেই। কর্মসূচি সফল করতে আট জেলার সর্বস্তরে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়েছে।
বিবৃতিদাতারা হলেন- জামায়াতের বগুড়া জোনের পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন, রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগরী আমির অধ্যাপক আবুল হাশেম, রাজশাহী পশ্চিমের আমির মাওলানা আমিনুল ইসলাম, পূর্বের আমির রেজাউর রহমান, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির নজরুল ইসলাম, নওগাঁ জেলা আমির আব্দুর রাকি প্রমুখ।
উল্লেখ্য, রাজশাহীর মতিহার থানা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত কর্মী নুরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন।
নিহত নুরুল ইসলাম শাহীনের বাড়ি মহানগরীর মতিহার থানার বিনোদপুরে। তিনি মহানগরীর বিনোদপুর এলাকার জামায়াত পরিচালিত ইসলামিয়া কলেজের শিক্ষক ও ৩০নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। এছাড়া তিনি পদ্মা অফসেট প্রিন্টিং প্রেসের মালিক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের নেতাও ছিলেন।
জেআই





