ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল আরোহীকে খুন করে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন খুনি রাসেলকে (২৫) আটক করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার দুপুরে ময়মনসিংহের ২ নং আমলি আদালতে হাজির করে পুলিশ এ আবেদন জানান। পরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের আব্দুল জব্বারের ছেলে আনোয়ার হোসেনকে (৩৫) ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের মৃগালী নামক স্থানে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আলম বাদী হয়ে শনিবার ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি হিসেবে আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামের রাসেলকে আটক করে পুলিশ।

রাসেল কিশোরগঞ্জ জেলা ডিবিতে কর্মরত উপ-পরিদর্শক শহিদুল্লাহ’র ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুল হাসান জানান, রাসেলের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ডিসেম্বর অটোরিকশা চালককে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

এরপর বৃহস্পতিবার রাতে মোটর সাইকেল চালককে জবাই করে মোটর সাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় সে একজন সন্দেহভাজন আসামি।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ