রাজধানীর মিরপুরে আবু বকর (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে সুইমিং স্টেডিয়ামের সামনে গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আবু বকর জানান, মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে দুপুর পৌনে ২টার দিকে হেঁটে ১০ নম্বরের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে বাসে মহাখালীর বউ বাজার এলাকায় বোনের বাসায় যাবেন। পথিমধ্যে সুইমিং স্টেডিয়ামের কাছে পৌঁছার পর দেখেন এক যুবক আরেক যুবককে ধাওয়া করছেন এবং এলোপাতাড়ি গুলি করছেন। ওই যুবকের ছোড়া একটি গুলি তার ডান কাঁধে বিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষ্ণপুর গ্রামে। তার বাবার নাম ফরিদ উদ্দিন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মোজাম্মেল হক জানান, বিষয়টি তারা মিরপুর থানাকে অবহিত করেছেন।

এম আর