নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন।
গত মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জন হলেন- রাব্বী, সাহাবুদ্দিন ও জাহাঙ্গীর। নিহত ৩ জনই পেশায় দিনমজুর ছিলেন। এখনও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের কর্ণোগোপ এলাকায় কাঁচপুর থেকে ভুলতাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নসিমনের চালক রাব্বি এবং পিকআপ ভ্যানে থাকা দুই গার্মেন্ট শ্রমিক শাহাবুদ্দিন ও জাহাঙ্গীর নিহত হন। আহত হন পিকআপ ভ্যানের চালক ও হেলপার। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের স্বজনরা কাচঁপুর হাইওয়ে থানায় এসে মরদেহ শনাক্ত করে নিয়ে যাওয়ার আবেদন করেছে।
এএস





