জামায়াতকে বাদ দিয়ে সোমবার বিএনপিকে সমাবেশ করার মৌখিক অনুমতি দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

রোববার সন্ধ্যায় জেলা ও মহানগর বিএনপিকে আলাদাভাবে সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়া হয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল ১১টায় নগরীর ভূবন মোহন পার্কে মহানগর ও রাজশাহী কলেজ মাঠে জেলা বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, জামায়াতকে তারা সঙ্গে রাখতে পারবেনা। এছাড়া মিছিল না করেই সমাবেশ শেষ করতে হবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, পুলিশের মৌখিক অনুমতি পাওয়ার পর সকাল ১১টা থেকেই সমবেত হওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। এসময় শান্তিপূর্ণভাবে সমাবেশ করার কথা জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও জেলার সভাপতি নাদিম মোস্তফা  নেতাকর্মীদের একই নির্দেশনা দিয়েছেন বলে জানান জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত।

এমকে