গাজীপুরের শ্রীপুরে টমটম ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে শ্রীপুরের জৈনাবাজার-কাওরাইদ সড়কের আবদুল আউয়াল ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম লিয়াকত আলী (২৭)। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার নিগুয়ারী গ্রামের দুলাল মিয়ার ছেলে। অন্য হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর থানার এসআই মো. গোলাম কিবরিয়া জানান, সকালে আবদুল আউয়াল ডিগ্রি কলেজের সামনে কাওরাইদগামী মাছভর্তি টমটম ও জৈনাবাজারগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিয়াকত আলী ঘটনাস্থলেই মারা যান এবং অপর চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়। পরে সেখানে আরো একজনের মৃত্যু হয়।
কেএইচ





