ভোলা সদরের কমরদ্দী বাজার এলাকায় শিবিরের স্থানীয় এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে কমরদ্দী বাজার সংলগ্ন নতুন মসজিদ এলাকায়।

আহত শিবির নেতা হলেন আলামিন বিশ্বাস (২৫)। তিনি উত্তর দিঘলদী গ্রামের মোসলে উদ্দিনের ছেলে এবং উত্তর দিঘলদী ইউনিয়ন শিবিরের সভাপতি। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে বাজার থেকে বাড়িতে ফিরছিলেন আলামিন। এ সময় বড় মসজিদ এলাকায় একদল দুবৃর্ত্ত তার গতিরোধ করে কুপিয়ে জখম করে।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্তে পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএ