মিরপুরের পল্লবী এলাকায় রিজার্ভ পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসান(৩০)।
এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩জনে দাঁড়িয়েছে। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসান ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন।
এর আগে গত মঙ্গলবার ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় বাড়ির মালিক ইয়াকুব আলীসহ দগ্ধ ৫জনকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তাদের মধ্যে বুধবার রাতেই বাড়ির ভাড়াটিয়া ইয়াসমিনের মেয়ে শিশু রুহি (৩) মারা যায়। এরপর বৃহস্পতিবার সকালে মারা যান বাড়ির মালিক ইয়াকুব আলীর (৭০) স্ত্রী হাসিন আরা খানম।
হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন- বাড়িরর মালিক ইয়াকুব আলী, ভাড়াটিয়া ইয়াসমিন।
ইয়াকুব আলী জানিয়েছিলেন, সকালের দিকে বাসার নিচতলার রিজার্ভ ট্যাংকের ঢাকনা খুলে পরিষ্কার করতে যান হাসান। ভেতরে অন্ধকার থাকায় কিছু দেখা যাচ্ছিল না। এজন্য ওই কাগজে আগুন জ্বালালে সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।
জেড





