পঞ্চগড়ে বোদা উপজেলার ভারতীয় ছিট মহল শালবাড়ি, কাজলদিঘী, বেহুলাডাঙ্গা, নাটকটকায় (এসকেবিএন) বাংলাদেশের ইউনিয়ন পরিষদের আদলে সোমবার পঞ্চম নাগরিক কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্রথমবারের মতো নারী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ সিরাজুল ইসলাম ছাতা প্রতিক নিয়ে ১ হাজার ৮শ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুস সামাদ ডালিম হারিকেন প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ৫শ’ ৫৬ ভোট। অপর চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম বাবুল আনারস প্রতিক নিয়ে ভোট পান ৯৫টি।
নির্বাচনে ৩টি ওয়ার্ডে নির্বাচিত সদস্যরা হলেন ১ নং ওয়ার্ডে গোলাম মোস্তফা, আতাউর রহমান ও তরিকুল ইসলাম ২ নং ওয়ার্ডে মজিদুল ইসলাম, রফিকুল ইসলাম বিশারু ও রশিদুল ইসলাম এবং ৩ নং ওয়ার্ডে আহসান আলী, আবুল কালাম প্রামাণিক ও আবুল হোসেন।
সর্বশেষ ২০০৪ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর আগের নির্বাচনগুলোতে ছিটমহলের নারীরা ভোট দিতে না পারলেও এবারে তারা ভোট দিতে পেরে খুশি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ছিলেন। তিনটি ওয়ার্ডে নয়জন সদস্যের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। ছিটমহলটিতে লোক সংখ্যা প্রায় দশ হাজার। ভোটার সংখ্যা তিন হাজার নয় শ’ ৬৩ জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৭৬ জন এবং নারী এক হাজার আট শ’ ৮৭ জন।
নয়হাজার একর জমি আর আট বর্গকিলোমিটার আয়তনের এই ছিটমহলে বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মতো একজন চেয়ারম্যান ও তিনজন মেম্বার শালবাড়ি, কাজলদিঘী, বেহুলাডাঙ্গা, নাটকটকা (এসকেবিএন) নাগরিক কমিটি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে ছিটমহল পরিচালনা করবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল মোস্তাহারুল হাসান প্রধান নয়ন। বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল কলেজের শিক্ষক ও আনসার ভিডিপি’র সদস্যরা সহ ৫৫ জনের একটি দল ভোট পরিচালনায় সহযোগিতা করেছেন। তারা নিরাপত্তাসহ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
ছয়মাস আগে থেকে ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনের প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। গত ১৮ আগষ্ট ভোটার তালিকা প্রকাশ ও ভোটের তারিখ ঘোষণা করা হয়। এবারেই প্রথম ছিট মহলের নারীরা ভোটার হয়ে ভোট দিয়েছেন। এ নিয়ে নারী ভোটারদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে।
বোদেশ্বরী ঢোলক পাড়া গ্রামের উম্মে কুলসুম (৫৫) বলেন, ভোট দেয়া কাকে বলে জানতাম না। এবার ভোট দিতে শিখলাম। কাজলদিঘী গ্রামের ফারজানা জানান, জীবনে প্রথম ভোট দিতে পেরে অনেক ভাল লাগছে। নিজের ভোটে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করতে পেরে নিজেকে দায়িত্বশীল মনে করছি।
প্রধান নির্বাচন কমিশনার জানান, সকাল আটটায় ভোট শুরু হয়ে বিরতিহীন বিকাল ৪টায় ভোটগ্রহন শেষ হয়। শান্তিপূর্ণ এবং উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোট গ্রহন হয়। ছিটমহলবাসীরা এই নির্বাচনকে অত্যন্ত মর্যাদাপুর্ণ নির্বাচন মনে করেন।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





