দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হেলিকপ্টারযোগে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে কঠোর নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গাড়িবহর হযরত শাহজালাল (র.) মাজারের উদ্দেশে রওয়ানা দেয়।
বেলা ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) মাজারে প্রবেশ করেন। সেখানে জিয়ারত শেষে তিনি হযরত শাহপরাণ (র.) মাজারের উদ্দেশে যাত্রা করেন। মাজার গেটে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করন। এরপর সিলেট সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ সেরে বেলা আড়াইটার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী জনসভাস্থল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, এপিবিএন’র ব্যারাক ভবন, ওসমানীনগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে, এমসি কলেজের মাঠের সীমানা প্রাচীর ও গেইট উদ্বোধন করবেন।
এছাড়া তামাবিল স্থলবন্দর নির্মাণ কাজ, সিলেট আউটার স্টেডিয়াম, খসরুপুর বাজার জিসি-পৈলনপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন, হরিপুর জিসি-গাছবাড়ী জিসি সড়ক (কানাইঘাট অংশ), মৈয়াখালী বাজার-আর এ্যান্ড সুইচ (বারোহাল ইউপি অফিস) ভায়া হাটুবিল মাদ্রাসা সড়ক উন্নয়ন, নারী পুলিশ ডরমেটরি ভবনের সম্প্রসারণ কাজ, শাহপরাণ থানা ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন নির্মাণ, হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার, ৩ তলা ভিত্তি বিশিষ্ট মসজিদ, মহিলা এবাদতখানা ও সংযোগ সড়ক নির্মাণ কাজ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেট বিভাগ এবং সিভিল সার্জন সিলেট কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এমকে





