হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে আশিক মিয়া (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় তার প্রেমিকা রিমা (১৪) আশিককে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
শনিবার দিনগত রাতে উপজেলার বাঘাসুরা পূর্বগ্রাম ইন্ডিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশিক কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে।
ঘটনাস্থলে গিয়ে আরো জানা যায়, রাতে স্থানীয় লোকজন বাঘাসুরা পূর্ব গ্রামের ইন্ডিয়াপাড়া এলাকার রফিক মিয়ার বসতঘরের পাশে আশিকের গলাকাটা মরদেহ দেখতে পান।
এ সময় স্থানীয় লোকজন একই স্থান থেকে রফিক মিয়ার মেয়ে প্রেমিকা রিমাকে পেটকাটা অবস্থায় উদ্ধার করেন। পরে খবর দেওয়া হলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ততক্ষণে রিমাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কে এম আজমিরুজ্জামান জানান, নিহত আশিকের সঙ্গে আহত রিমার প্রেম ছিল। প্রেম ঘটিত কারণে প্রেমিক আশিককে হত্যা করা হতে পারে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, ওই এলাকার মৃত দুবরাজ মিয়ার ছেলে সৈয়দ মিয়ার (৪৫) বাড়ি থেকে একটি পলিথিনসহ বিভিন্ন জিনিস হত্যাকাণ্ডের আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
রাতে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ জারু মিয়াসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এমই





