সাভারের বিরুলিয়ায় সিটি ইউনিভার্সিটিতে বহিরাগতদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজারে সিটি ইউনিভাসির্টির সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী মো. সিফাত (২৩) ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় বলে জানা গেছে।
এসময় একই বিভাগের আরেক শিক্ষর্থী বাসুদেব (২৪) গুলিবিদ্ধ হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। এ ঘটনায় দুপক্ষের মধ্য ধাওয়া-পাল্টা ও সংঘর্ষে আরও চার শিক্ষার্থী আহত হয়েছেন।
পুলিশ এবং সিটি ইউনিভাসির্টির শিক্ষার্থীরা জানায়, গত শনিবার ওই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদের সঙ্গে আরেক শিক্ষার্থী বাপ্পির প্রেম সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়।
এর জের ধরে সোমবার দুপুরে শাহেদের লোকজন সিটি ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকলে বাপ্পির লোকজন কিছু বুঝে ওঠার আগে তাদের ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে।
এসময় গুলিবিদ্ধ হন ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী মো. সিফাত (২৩) ও আরেক বিভাগের শিক্ষার্থী বাসুদেব।
পরে অন্য ছাত্ররা তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সিফাতকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর বাসুদেবকে আশংকাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। এ ঘটনায় জড়িত সন্দেহ দুজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম বলেন, বান্ধবীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে। জড়িতদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি অনতিবিলম্বে দোষীদের গ্রেফতারের নির্দেশ প্রদান করেছেন।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হবে বলে পুলিশ জানিয়েছে।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





