রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২০ কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কোতয়ালী, পীরগাছা ও মিঠাপুকুর এলাকায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও এসব ককটেল উদ্ধার করা হয়।

কন্ট্রোল রুম অপারেটর মো. এম মাজেদ জানান, কোতয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৬ কর্মীকে গ্রেফতার করেছে।

এছাড়া পীরগাছা থানা পুলিশ বিএনপির একজন ও মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের তিন কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া বিএনপি ও জামায়াত কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এদিকে সোমবার মধ্যরাতে শিবির অধ্যুষিত নগরীর কামাড়পাড়া এলাকার মাহিন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৮টি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এসএইচ