গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই একটি ট্রাক উল্টে যায়। এসময় ট্রাকের নিচে পড়ে শফিকুল ইসলাম(৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে এক অজ্ঞাত পথচারী নারী। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা করে দীনেশ নামে এক সহকারী উপ-পরিদর্শককে আহত করে। পরে তারা ঢাকা-রংপুর মহসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়ে।

খবর পেয়ে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঐ সড়কে তিন ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকেই ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ দক্ষিণ বাসস্ট্যান্ডে থানা পুলিশ যানবাহন আটকিয়ে চাঁদাবাজি করছিল।

দুপুর ২টার দিকে পলাশবাড়ী থেকে বগুড়াগামী ধানবোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জ দক্ষিণ বাসস্ট্যান্ডে আসলে ট্রাকটি থামানোর জন্য চালককে ইশারা দেয় পুলিশ।

কিন্তু চালক ট্রাকটি না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে যায়। এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক দীনেশ ক্ষিপ্ত হয়ে ট্রাকটি ধরার জন্য ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত গতির ট্রাকটি ফাঁসিতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।এ সময় হতাহতের ঘটনা ঘটে।

আহত অজ্ঞাত মহিলা পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেন, দ্রুতগামী ট্রাকটি অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

তিনি পুলিশের সহকারী উপ-পরিদর্শক দীনেশ জনগণের হাতে আহতের কথা স্বীকার করলেও পুলিশের চাঁদাবাজির কথা অস্বীকার করেন।

এমকে