মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়-এর হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সমন্বয়কারী প্রকৌশলী ইমরান হাবিব রুমেন।

সমাবেশে বক্তারা বলেন, খুনীচক্র পরিকল্পিতভাবে একের পর এক মুক্তমনা মানুষদের নৃশংসভাবে আক্রমন করে হত্যা করছে। কিন্তু হত্যাকারীদের কোন বিচার না হওয়ায় আজকের এই পরিণতি।

নেতৃবৃন্দ এজন্য আইন করে ধর্মভিক্তিক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সঙ্গে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তমনা মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- বাসস কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জমান রতন, বিজ্ঞার আন্দোলন মঞ্চের সংগঠক ডা: মনীষা চক্রবর্ত্তী প্রমূখ।

এমএ/এসএইচ