বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার কাছে দেশ ও দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। আন্দোলন সংগ্রাম করেই আগামীতে শেখ হাসিনার অবৈধ সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, একমাত্র দেশের শান্তি ও নিরাপত্তার প্রহরী বিএনপি ও বেগম খালেদা জিয়া। সরকারের সকল প্রকার জুলুম অত্যাচারের জবাব দিয়েই তারেক জিয়া দেশের মাটিতে ফিরে আসবেন। তাই তৃণমুল পর্যায়ে সকল প্রকার গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
তিনি শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে দেশের বর্তমান রাজনীতি দলের অবস্থান ও দলের ঐক্যকে সু-দৃঢ় করার লক্ষে জেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা প্রমুখ।
কাওছার/জেড





