চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে। আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্স অব হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সুপারিশে উপাচার্য তাঁর নির্বাহী ক্ষমতাবলে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন।
বহিষ্কৃত চার ছাত্রলীগ কর্মী হলেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাহিদ আলম, ইংরেজি বিভাগের মাহমুদুল হাসান, ইসলামের ইতিহাস, সংস্কৃত বিভাগের সোহেল মিয়া ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইফতেখার উদ্দিন রিয়াজ। সোহেল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু এবং অন্য তিনজন সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী বলে জানা গেছে।
তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন দাবি করেছেন, বহিষ্কৃত ছাত্রদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। আর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেছেন, বহিষ্কৃত ছাত্রদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে হাটহাজারী কলেজের তিন শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে একটি ক্যামেরা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয়।
এমই





