সিলেট নগরীর সুবিদবাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও ছাত্রদলকর্মীর বাসায় হামলা ও ভাঙচুর চালিয়ে তাণ্ডব সৃষ্টি করেছে ছাত্রলীগ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
এর আগে রোববার এক ছাত্রলীগ নেতা আহত হওয়ার ঘটনার জের ধরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত রোববার ছাত্রদল নাবিল গ্রুপের হামলায় মহানগর ছাত্রলীগের সদস্য ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রিয়াজ মওদুদ আহত হন।
এর জের ধরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাগরদীঘিরপাড় থেকে মিছিল নিয়ে ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী সুবিদবাজারে আসেন।
এসময় তারা কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করে মিতালী আবাসিক এলাকার দিকে চলে যায়। পরে মিতালী সি ব্লকের ১০ নম্বর বাসায় গিয়ে হামলা চালায় তারা। ওই বাসা ছাত্রদলকর্মী শিবলীর বলে জানা গেছে।
এদিকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে রাত ৭টায় সুবিদবাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা।
বিক্ষোভ চলাকালে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ব্যবসায়ীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান জানান, একদল যুবক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছিল। পরে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
এআর





