মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীনের বিরুদ্ধে কালকিনি সমন্বয় ট্রাস্টের (কাস্ট্রা) জমি জবরদখল করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবন নির্মাণের অভিযোগ করা হয়েছে।
কাস্ট্রার সদস্যরা কালকিনি প্রেস ক্লাবে সোমবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার লিখিত অভিযোগে বলেন, ১৯৮৪ সালের ১ জানুয়ারি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হুসাইন চাকলাদারের সহযোগিতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুদান নিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে সভাপতি করে প্রতিষ্ঠিত হয় কালকিনি সমন্বয় ট্রাস্ট (কাস্ট্রা)।
কালকিনি সমন্বয় ট্রাস্টের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন- সংগঠনের নামে ৫২ শতাংশ জমি ক্রয় করে সেখানে নির্মিত হয় একটি পাকা ভবন। বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান শাহিন সংগঠনের ক্রয় করা জমি থেকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভবন নির্মাণের জন্য ১৬ শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে নেওয়ার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জমি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রফিকুল ইসলাম বলেন- ‘আমি যতটুকু জানি তাতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবন নির্মাণের জন্য উপজেলা সমন্বয় সভায় একটি রেজুলেশন করা হয়েছে।’
কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান শাহিন বলেন- ‘আমরা একটি রেজুলেশন করেছি, যদি কাস্ট্রার অধিকাংশ সদস্য লিখিত দেন তবে জমি দলিল করা হবে, নয়তো হবে না।’
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





