রাশিয়া যেতে আর ভিসা লাগবে না বাংলাদেশীদের। কেবল পাসপোর্ট থাকলেই রুশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশি পর্যটকরা।

রোববার কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে এ সুবিধা।

এ প্রতিবেদনে বলা হয়, রাশিয়া দু’হাত বাড়িয়ে বাংলাদেশিদের বরণ করতে প্রস্তুত। দু’দেশের মানুষের যাওয়া আসায় আর ভিসার দরকার নেই। পাসপোর্ট থাকলেই হবে। তবে আপাতত এ সুযোগটা সীমাবদ্ধ থাকবে কূটনৈতিক আর অফিসিয়াল পাসপোর্টধারীদের মধ্যে।

আনন্দবাজার বলছে, বাংলাদেশিরা যেমন নির্দ্বিধায় শুধু পাশপোর্ট হাতে নিয়েই ঢাকা থেকে উড়ে গিয়ে মস্কো বা সেন্টপিটার্সবার্গে নামতে পারবেন। ঠিক সেখান থেকেও রাশিয়ার মানুষ ঢাকা সফর করতে পারবেন ভিসা ছাড়াই।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলি। ২২ সেপ্টেম্বর সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এ ভিসা চুক্তিতে সই করেছেন তিনি।

এদিকে বাংলাদেশের এ ভূমিকাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া। সাবেক সোভিয়েতের ৭৫ শতাংশ এলাকা, ৫০ শতাংশ মানুষ নিয়ে নতুন রাশিয়া।

সমানতালে উন্নয়ন চালাচ্ছে কৃষি আর শিল্পে। সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশের দিকে। বাংলাদেশে রাশিয়ার সব থেকে বড় অবদান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। কেন্দ্রটি হলে বিদ্যুতের সমস্যা আর থাকবে না।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্তে উন্নীত হতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির চুক্তি হবে একাধিক বিষয়ে। সব দিক খতিয়ে দেখতে ঢাকায় প্রতিনিধিদল পাঠাচ্ছে রাশিয়া। সম্পর্কের নতুন রুপটা রাশিয়ায় গড়বে।

এসএম