জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়তে দেশের সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।
বুধবার বিকেলে রাজধানীর বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিএসবি ফাউন্ডেশন পরিচালিত ক্যামব্রিয়ান কলেজ, মেট্রোপলিটন কলেজ, কিংস কলেজ, উনসাম কলেজের যৌথ উদ্যোগে ২১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
ভূমি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ প্রজন্মের হাতে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার রিল রেসের কাঠি দিয়ে যাবেন। তাই আধুনিক ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে নবীন প্রজন্মকে অনেক বাঁধা পেরিয়ে কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আগে নিজেকে গড়তে হবে। জাতীয় প্রয়োজনে গণতন্ত্রবিরোধী, মানবিকতা বিরোধী ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, জাতির পিতার সারাজীবনের স্বপ্ন ছিল ‘সোনার বাংলা’গড়ার। আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, কিংস কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের, মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, উইনসাম কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ বকুল, সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার প্রমুখ।
ঢাকা, এমআর, ৩ সেপ্টেমবর, টাইমনিউজবিডি.কম





