সিলেট জেলায় বুধবার সকাল-সন্ধা হরতালের ডাক দিয়েছে মহানগর ও জেলা ছাত্রশিবির এবং ছাত্রদল।
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমশের মুবিন চৌধুরীসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের আহবান করা হয়।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সেক্রেটারি লুকমান আহমদ, সিলেট জেলা সভাপতি সাঈদ আহমদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মু.আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাশুক আহমদ, শাবিপ্রবি সভাপতি সাইফুল ইসলাম সুজন, সিলেট জেলা পূর্ব সভাপতি এস এম মনোয়ার হোসেন, জেলা পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ এই হরতালের ঘোষণা দেন।
নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকারের পতনের দাবিতে সারাদেশ যখন আন্দোলনে উত্তাল ঠিক তখনি ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করে আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায় অবৈধ সরকার। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমশের মুবিন চৌধুরী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, নগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সুহেল আহমদসহ শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে।
এভাবে গণগ্রেফতার চালিয়ে অবৈধ সরকার নিজেদের পতন ঠেকাতে পারবেনা বলেও জানান তারা।
কেএইচ





