বগুড়ায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে জামাত আলী (৫০) নামের এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামাত আলী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ললুয়া গ্রামের সাহেব আলীর পুত্র।
তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন। চাকরি থেকে অবসর নেয়ার পর বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকার বি-ব্লকে বসবাস করতেন তিনি।
পুলিশ জানায়, সাবেক সেনাসদস্য জামাত আলী মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে বগুড়ার মাঝিড়ায় নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় পিছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক এস আই আবু জাররা জানান, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক কোচটি আটক করা যায়নি।
কেএইচ





