দুর্নীতিকে কার্য্করভাবে দূর করতে প্রত্যেক ঘরে ঘরে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনফারেন্স রুমে আয়োজিত ‘রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক সংস্কার, দুয়ে মিলে হতে পারে দুর্নীতির প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা, সঠিক বিচার ও প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধি করা হলে দুর্নীতি রোধ সম্ভব। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে আমাদের সামাজিক আন্দোলন প্রয়োজন রয়েছে। সামাজিক আন্দোলনের জন্য মানুষের আস্থা অর্জন করতে হবে।’
বঙ্গবন্ধুর ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যেমন বলেছিলেন দেশ স্বাধীনে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে, ঠিক তেমন প্রত্যেক ঘরে ঘরে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেজন্য তরুণদের সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘যে দেশের সংসদ কাজ করে না, সংসদীয় কমিটি যথাযথ কাজ করতে পারে না, সে দেশে দুর্নীতি দূর করা যায় না। তাই জাতীয় সংসদকে কার্যকর করতে হবে।’
কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘এ ধরনের সুযোগে দুর্নীতিবাজরা উৎসাহিত হচ্ছে। কেননা এ সুযোগে রাষ্ট্র জনগণকে বলছে, তুমি চুরি করো। সরকার থাকলে সম্পদ বৃদ্ধি পাবেই। দুর্নীতি দূর করতে হলে দরকার রাজনৈতিক সদিচ্ছা, প্রতিষ্ঠানিক শক্তি বৃদ্ধি ও কাউকে ছাড় দেওয়া হবে না, এমন মানসিকতা তৈরি করা।’
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শাসসুল হুদা, বিশেষ অতিথি দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম, প্রাক্তন রাষ্ট্রদূত এম. জমির, প্রাক্তন সচিব ইনাম আহমেদ চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
এএইচ





