গোপালগঞ্জ সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (২৫ জুন) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত হেলপারের পরিচয় জানা যায়নি। আহত সবাই গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থী।
আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা, বাংলা বিভাগের শিক্ষক শাহ আলম, অর্থনীতি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষার্থী নিউটন, হেলাল ও সুমন। বাকি তিনজনের নাম জানা যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, সদর উপজেলার সোনাশুর এলাকায় সিগন্যাল লাইটবিহীন দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে ছাত্র-শিক্ষকদের বহনকারী বাস। এ সময় ট্রাক মেরামতরত অবস্থায় ট্রাক হেলপার গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
শিক্ষক ও শিক্ষার্থী বহনকারী বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জে ফিরছিলো।
এমই





