টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় ভারতীয় সিরিয়াল দেখাকে কেন্দ্র করে সুমি আক্তার (২২) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিনা বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত সুমি আক্তার ভূঞাপুর উপজেলার বাহাদিপুর গ্রামের লিটু সরকারের স্ত্রী।
টাঙ্গাইল মডেল থানার এসআই জাকির হোসেন বলেন, বিকেলে কলেজপাড়ায় টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীমের বাসার ভাড়াটিয়া শাহাজাদির ঘরে টিভি দেখতে যায় পাশের বাড়ির ভাড়াটিয়া সুমি আক্তার ও রিনা বেগম। এ সময় সুমি ও রিনার মধ্যে ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সুমিকে পিটিয়ে গুরুতর আহত করেন রিনা বেগম।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
জারিফ





