চট্টগ্রামের বাকলিয়া থানার চান মিয়া মুন্সি লেন থেকে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকার মহিউদ্দিন বিল্ডিং নামে একটি ভবনে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটকরা হলেন- বাকলিয়া থানা জামায়াতের প্রকাশনা ও পাঠাগার সম্পাদক পটুয়াখালীর মো. ইউসুফ (৫৫), একই থানা শাখা শিবিরের স্কুলবিষয়ক সম্পাদক কুমিল্লা মনোহরগঞ্জের মো. হাসান আল বান্না (২৫) ও চানমিয়া মুন্সি লেন শাখার প্রচার সম্পাদক একই এলাকার হাসানুল মনজির (২৩)।

সিএমপির বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। বাসাটিতে আটক হওয়া তিন জামায়াত-শিবির নেতাকর্মী থাকেন। তারা বাসাটিকে পশ্চিম বাকলিয়া (উত্তর) শাখা শিবিরের গোপন কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন।

তিনি বলেন, ওই ভবনের পাঁচতলার একটি বাসায় তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। আটকদের মধ্যে হাসান আল বান্না শিবিরের সদস্য ও মনজির সাথী পর্যায়ের নেতা। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানা এলাকায় নাশকতায় জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।

আটকদের নাশকতা মামলায় আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ