গোপালগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলার স্বপ্নের ঠিকানা আশ্রয়ণ প্রকল্পের সামনে থেকে এদের গ্রেফতার করা হয়। এরা হলো মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালিমান্ডা গ্রামের রনমিয়া ম-লের ছেলে স্বাধীন মন্ডল, একই জেলার একই উপজেলার খরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. আরিফ ও একই গ্রামের মৃত মো. আবুল হোসেনের ছেলে মো. মুজিবুর রহমান।

গোয়েন্দা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই ওই স্থানে ফেরিওয়ালা সেজে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এসময় ওই স্থান থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছে থাকা ঝুলির ভেতর থেকে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানান, দীর্ঘদিন ধরে এরা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে এ সব মাদক এনে গোপালগঞ্জ বিক্রি করে আসছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই